Image description

ভারতীয় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (ডাইভারশন) ভেঙে গেছে। এর ফলে কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ।

জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামে একটি ব্রিজের নির্মাণকাজ চলছিল। যাতায়াত সচল রাখতে পাশে একটি বিকল্প ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছিল। তবে ৩০ এপ্রিল রাতে উজান থেকে আসা তীব্র পাহাড়ি ঢলের পানির তোড়ে ডাইভারশনটি ভেসে যায়। এতে করে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা বিপাকে পড়েছেন। বর্তমানে আখাউড়া থেকে কসবায় বা কসবা থেকে আখাউড়ায় যাতায়াত করতে হলে তাদের প্রায় ২৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। দ্রুত ডাইভারশনটি মেরামত করা না হলে এই জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, পাহাড়ি ঢলের কারণে ডাইভারশনটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর