আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম উম্মাহর কাছে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। একই সঙ্গে আজ মাহে রমজানেরও শেষ দিন। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
জুমাতুল বিদার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানান। ইসলামি শরিয়তে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনগুলোর চেয়ে জুমার দিনের মর্যাদা যেমন বেশি, তেমনি রমজানের শেষ জুমার মর্যাদা আরও অধিকতর।
আজ জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। খতিবগণ জুমার খুতবায় রমজান মাসের ফজিলত, সিয়াম সাধনা ও আমলের গুরুত্ব তুলে ধরবেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। নাজাতের শেষ দিনে তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় আজ মসজিদে মুসল্লিদের ঢল নামবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments