Image description

হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী বাংলাদেশিদের জন্য ‘নুসুক কার্ড’ সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের ক্ষেত্রে এই কার্ডটি প্রদর্শন করা অপরিহার্য। তাই কোনো প্রকার বিঘ্ন ছাড়াই ইবাদত সম্পন্ন করতে হাজিদের সার্বক্ষণিক এই কার্ড সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুসুক কার্ড ছাড়া পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি দেবে না সৌদি কর্তৃপক্ষ। তাই হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং আইনি জটিলতা এড়াতে এই কার্ড বহন করা আবশ্যক।

মূলত সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ এই নুসুক কার্ড, যা হাজিদের পরিচয়পত্র ও ডিজিটাল অনুমতিপত্র হিসেবে কাজ করে। এই কার্ডের মাধ্যমেই পবিত্র স্থানগুলোতে যাতায়াত ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছেছে। সুষ্ঠুভাবে হজ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি-বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই নির্দেশনা প্রচারের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মানবকণ্ঠ/আরআই