Image description

দেশের অন্যতম বৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করা এবং এর উৎপাদন সক্ষমতা তিনগুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কারখানাটি পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে রেল সেবার পরিধি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কোচের সংখ্যাও। ইতোমধ্যে ভারত থেকে আরও ২০০টি কোচ আমদানির প্রক্রিয়া চলছে। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, বর্তমানে কারখানাটির কোচ মেরামত সক্ষমতা বাড়িয়ে প্রায় তিনগুণ করার পরিকল্পনা রয়েছে। বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়েই এই সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ জন্যই প্রাথমিকভাবে সম্ভাব্যতা যাচাই শুরু করা হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী কারখানাটিকে আধুনিকায়ন করা অপরিহার্য। এ প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মহাপরিচালক কারখানায় পৌঁছালে বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী সূর মোহাম্মদ তাকে ফুল দিয়ে শুভে”ছা জানান। পরে তিনি কারখানার বিভিন্ন বিভাগ ও শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক-এর পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি আরএল) এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।