গণমাধ্যমে ভুল ও অপতথ্য প্রচার সহ্য করা হবে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, "গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার এ সরকার কোনোভাবেই সহ্য করবে না। সরকার চায় গণমাধ্যম বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক, কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার করা যাবে না।"
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘলাইন নেই। তাই সংকট শিগগিরই দূর হবে।
সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটিই চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।
হাম ইস্যুতে তিনি বলেন, এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। হামে অনেক শিশুর মৃত্যু ঘটছে। এমন মৃত্যু মেনে নেয়া যায় না।
বাংলাদেশে জঙ্গি আছে জানিয়ে তিনি বলেন, এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে, জনগণকে ভয় পেতে হবে।
অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই-- সেটিও সত্য নয়।




Comments