Image description

নোয়াখালীর হাতিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘The End’ লিখে পোস্ট দেওয়ার পর বিষপানে আত্মহত্যা করেছেন সাকিব উদ্দিন (২২) নামের এক যুবক। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব ওই এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাকিব তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘The End’ লিখে একটি স্ট্যাটাস দেন। এর কিছুক্ষণ পরই তিনি পরিবারের অগোচরে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে হাতিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন বা কী কারণে ওই যুবক এমন চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আত্মহত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/আরআই