Image description

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৩ মে) মধ্যরাত পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ যাত্রায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, হজের পবিত্র সফরে গিয়ে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) নামে এক নারী হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে নির্ধারিত রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং ফিরতি যাত্রা শেষ হবে ৩০ জুন।

হজযাত্রীদের সার্বিক সহযোগিতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে আইটি হেল্পডেস্ক ও মেডিকেল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই