পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৩৮০ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, হজ উপলক্ষে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যারা ২৪ হাজার ৫৭২ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ২০ হাজার ৩১ জন, ফ্লাইনাস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি।
এ পর্যন্ত মোট ১৪২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি, সৌদি এয়ারলাইনসের ৫১টি এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইট রয়েছে।
এদিকে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬৫ হাজার ৪১০টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে এবং শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।
মানবকণ্ঠ/আরআই




Comments