ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
১৯২৬ সালের ২১ নভেম্বর স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড তাঁর উদ্ভাবিত টেলিভিশন যন্ত্রের কার্যকর প্রদর্শন করেন। তাঁর এই যুগান্তকারী উদ্ভাবন এবং বিশ্বজুড়ে সংযোগ তৈরিতে টেলিভিশনের অবদানকে সম্মান জানাতে ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
গ্রিক শব্দ ‘টেলি’ (অর্থ: দূরত্ব) এবং লাতিন শব্দ ‘ভিশন’ (অর্থ: দেখা)—এ দুটি শব্দের মিলনে গঠিত ‘টেলিভিশন’ শব্দের আক্ষরিক অর্থ হলো ‘দূরের দৃশ্য দেখা’।
বেয়ার্ডের উদ্ভাবনের পর বিভিন্ন প্রকৌশলীর ছোঁয়ায় প্রযুক্তিটির আধুনিকায়ন ঘটে। রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের নেতৃত্বে ১৯৩৬ সালে বিবিসি (BBC) নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে। চল্লিশের দশকে বাণিজ্যিক প্রসার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্রুত উন্নতির মধ্য দিয়ে গত শতাব্দীর পঞ্চাশের দশকে টেলিভিশন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পায়।
বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ইতিহাস ছয় দশকের পুরনো। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে সাদা-কালো সম্প্রচার শুরু হয়। এরপর ১৯৮০ সালে রঙিন সম্প্রচার এবং ১৯৯৭ সালে দেশে প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়।
শিক্ষা বিস্তার, জনসচেতনতা তৈরি, প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি তথ্য পরিবেশন, বিনোদন ও সরাসরি ক্রীড়া বা রাজনৈতিক সংবাদ প্রচারের মাধ্যমে টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে।




