আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। একইসঙ্গে লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছর কীভাবে কাজ করতে হবে, সেই নির্দেশনাও তিনি দেবেন বলে জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি এই ভবিষ্যৎবাণী করেন।
পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে বর্তমান জোটের প্রাপ্ত ভোটের একটি হিসাব তুলে ধরেন। তিনি লিখেন, “আজকের ভিডিওতে জামায়াত-এনসিপির সম্মিলিত ভোট ৩৫% বলছি। এইটার সাথে খেলাফত মজলিসের আরও ৩% যুক্ত হবে। তাহলে ৩৮% হয় আমাদের জোটের ভোট। এর সাথে এবি পার্টি আর অলি আহমেদের (এলডিপি) ভোটও যুক্ত হবে। ফলে পার্সেন্টেজ আরও বাড়বে। এটা হেলাফেলা করার মতো সংখ্যা না।”
সমর্থকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে পিনাকী বলেন, “এই ৩৮ শতাংশ ভোটকে আমাদের ৪৫ শতাংশে নিয়ে যেতে হবে। এটা পিস অব কেক (খুবই সহজ)। খালি হতাশ হইয়েন না। পাঁচ বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করেন। কীভাবে কাজ করতে হবে, আমি পাবলিকলিই বলব। সামনের বার আমরা যাব ক্ষমতায় ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিনাকী ভট্টাচার্য জামায়াত সমর্থিত জোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের ফলাফল পরবর্তী এই বিশ্লেষণ ও আগামীতে ক্ষমতা দখলের বার্তা অনুসারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments