ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন শিবলুর বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফেনী সদর ইউনিয়নে শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ফতেহপুর এলাকায় বিএনপি পরিচয়ে একটি চক্রের চাঁদাবাজি, মাটি ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলু। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে বসত ঘর, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরটি পুরে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু বলেন, ‘বিগত ৫ আগস্টের পর বিএনপি পরিচয়ে দলের বদনাম করার জন্য একটি চক্র চাঁদাবাজি, মাটি ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলের সুনাম নষ্ট করছে। এলাকায় সাধারণ মানুষের ওপর জুলুম ও চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে শুক্রবার বিকেলে স্টার লাইন পাম্পে আমার ভাইকে মেরে আহত করেছে ও সন্ধ্যায় আমার বসতঘর পুড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, একটি চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা শশর্দি ইউনিয়নকে বিএনপি পরিচয়ে জিম্মি করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা শিবলু তাদের আক্রোশের শিকার হন। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, প্রশাসনকে অবিলম্বে এসব চাঁদাবাজ ও মাটি ব্যবসায়ী চক্রকে শক্তহাতে দমন করার জন্য বলেছি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাসজানান, প্রাথমিকভাবে ঘটনাটি পূর্ব শত্রুতার জের হিসেবে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




Comments