বিএনপির শীর্ষস্থানীয় প্রবীণ নেতা মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে দলটির পতন অনিবার্য বলে সতর্ক করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন, মির্জা আব্বাসকে হেয় করার মধ্য দিয়ে মূলত পুরো বিএনপির রাজনীতিকেই ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে।
শুক্রবার (১৩ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, জুলাই-আগস্টের পর থেকে একটি বিশেষ গোষ্ঠী মির্জা আব্বাসকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক বয়ান বা ন্যারেটিভ তৈরি করছে। একজন সুস্থ-সবল ও প্রবীণ রাজনীতিককে সামাজিকভাবে সম্পূর্ণ পচিয়ে ফেলার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম উল্লেখ করে বলেন, বয়সে অনেক ছোট হয়েও তিনি যেভাবে মির্জা আব্বাসকে প্রকাশ্যে অপমান ও গালাগাল করছেন, তা কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রীয় সংস্কৃতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এই কলামিস্ট আরও বলেন, মির্জা আব্বাসকে পচানোর এই ধারাবাহিক চেষ্টার মূল লক্ষ্য হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারকে টার্গেট করা। যারা আজ মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে, তাদেরই একটি অংশ অতীতে তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুৎসা রটিয়েছে। সমাজে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য এর সামাজিক প্রতিরোধের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় বিচারের দাবি জানান।
সরকার পরিচালনায় বিএনপির বর্তমান অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে রনি বলেন, যিনি ৫০ বছরের বেশি সময় ধরে ঢাকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, বারবার মন্ত্রী-মেয়র হয়েছেন, জীবনের শেষ পর্যায়ে এসে তাঁকে এভাবে অপমানিত হওয়াটা মেনে নেওয়া যায় না। বিএনপির এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যদি এই ঘটনার সুষ্ঠু সুরাহা না হয়, তবে দলটি ক্ষমতায় টিকতে পারবে না এবং ভবিষ্যতে তারেক রহমান, মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন আহমেদ কাউকেই তারা রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments