Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় বসতবাড়ির গ্যারেজ ভেঙে দুটি ইজিবাইক (অটোরিকশা) চুরির ঘটনা ঘটেছে। এতে করে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক মোঃ হাবিবুর রহমান (৩০)।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, তিনি একটি ইজিবাইক নিজে চালাতেন এবং অপরটি ভাড়ায় চালাতেন স্থানীয় মোঃ মহিদুল নামের একজন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি তার দুটি ইজিবাইক বাড়ির গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন।পরে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখেন গ্যারেজের শাটার খোলা এবং ভেতরে রাখা দুটি ইজিবাইক নেই।

তার ধারণা, রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল গ্যারেজের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের দুটি ইজিবাইক চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাবিবুর রহমান।

তিনি বলেন,এই দুটি গাড়িই ছিল আমার ও আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন আমরা কীভাবে চলবো বুঝতে পারছি না। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

হাবিবুরের বাবা আবেগাপ্লুত কণ্ঠে মানবকন্ঠকে বলেন,আমার ছেলে কিস্তিতে গাড়ি কিনেছে। এখন গাড়ি না থাকলে সংসার চলবে কীভাবে জানি না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মানবকণ্ঠকে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।