নিজের সাম্প্রতিক বিভিন্ন কথা ও আচরণের জন্য রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ভবিষ্যতে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে গঠনমূলক রাজনীতি করার অঙ্গীকার করেছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই দুঃখপ্রকাশ ও নতুনভাবে পথচলার কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে উল্লেখ করেন, গত কয়েক দিনে সমাজের বিভিন্ন স্তরের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, সরকারের মন্ত্রী-এমপি এবং তাঁর প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে বিস্তারিত আলোচনার সুযোগ হয়েছে। তিনি বলেন, “সবার কাছ থেকেই আমি একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছে— ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলতে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে এবং দেশ গঠনের গঠনমূলক আলোচনায় মনোযোগ দিতে।”
সবার পরামর্শ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন জানিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো শিরোধার্য মনে করছি। এখন থেকে আমি আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য।”
নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং গঠনমূলক পরামর্শই আগামী দিনে আমার পথচলার মূল শক্তি হবে।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আলোচিত শক্তিতে পরিণত হয়েছে। দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন ‘শুদ্ধি অভিযান’ এবং নমনীয় অবস্থান রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে পরিপক্ক রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments