Image description

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি মন্তব্য করেছেন, জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি কেবল তাদের ‘রাজনৈতিক সতীত্ব’ই হারায়নি, বরং তারা দেশের স্বাধীনতা ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে এনসিপি নেতাদের আগের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিল, এমন কারোর সঙ্গে জোট করব না যার ৭১-এর দায় আছে। আবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছিল, জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এখন সেই দায়ভার নিয়ে জামায়াতের সঙ্গে জোট করা কি রাজনৈতিক সতীত্ব হারানো নয়? যারা একসময় হুমকি ছিল, আজ তাদের সঙ্গে জোটে যাওয়া কি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া নয়?”

এনসিপি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এর নেতাদের সঙ্গেও নির্মম প্রতারণা করেছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “এনসিপি নেতারা মূলত বিএনপি বা জামায়াতের সঙ্গে দরকষাকষি করার জন্য জোটের নাটক করেছে। তাদের বয়স কম হলেও গত ১৪-১৫ মাসে তারা যেসব বিতর্কে জড়িয়েছে, বড় কোনো দলের নেতারা ৩০ বছরের রাজনৈতিক জীবনেও তেমন বিতর্কে জড়ান না।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে রাশেদ খান বলেন, “ড. ইউনূস ১৮ মাস সময় নিয়েছেন সংস্কার বা বিচারের জন্য নয়, বরং এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠনের জন্য। ভবিষ্যতে ড. ইউনূসকে যদি এনসিপির প্রধান হিসেবে দেখা যায়, তবে আমি অবাক হব না। দল গঠনের সুযোগ দেওয়ার বিনিময়ে তিনি নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছেন এবং শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন।”

পোস্টের শেষে তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের অপশাসনের পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডেরও একটি নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া জরুরি।

মানবকণ্ঠ/আরআই