সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নিজের সুরক্ষার জন্য এখন দেশের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার মতে, রাজনৈতিকভাবে নিগৃহীত ড. ইউনূস এখন একটি ‘প্রোটেকশন’ খুঁজছেন, যা কেবল রাষ্ট্রপতির পদের মাধ্যমেই সম্ভব।
বুধবার (২০ মে) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ড. ইউনূস ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব চাঞ্চল্যকর দাবি করেন রনি। তিনি বলেন, “ড. ইউনূসকে বর্তমানে যেভাবে দেশি-বিদেশি চাপের মুখে ধাক্কাধাক্কি করা হচ্ছে, তাতে তিনি এখন বিশ্বজুড়েই নিগৃহীত অবস্থায় আছেন।”
রনি তার বিশ্লেষণে বলেন, “রাজনীতির ছোঁয়ায় এসে ড. ইউনূস গত ১৮ মাসে এতটাই অপমানিত ও অবদমিত হয়েছেন যে, তাকে এখন আর আগের অবস্থানে পাওয়া অসম্ভব। রাজনীতির মারপ্যাঁচে তিনি এখন পঁচে-গলে গান্ধা হয়ে গেছেন।”
তিনি আরও দাবি করেন, যারা বাংলাদেশে আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে ড. ইউনূস থাকলে তিনি এখন আমেরিকার কাছে ‘খরচের খাতায়’ পড়ে গেছেন। তার মতে, ড. ইউনূসের আর ইউরোপ বা আমেরিকায় ফিরে গিয়ে আশ্রয় পাওয়ার সুযোগ নেই; কারণ আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না।
বাংলাদেশে ড. ইউনূসের বর্তমান অবস্থান সম্পর্কে রনি বলেন, “সাধারণ মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং যেভাবে ‘মব’-এর ভয় দেখানো হচ্ছে, তাতে তার জন্য একটি নিরাপদ আশ্রয় এখন অপরিহার্য। আর সেই নিরাপদ আশ্রয় হতে পারে বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং রাষ্ট্রপতির মতো একটি পদ। এ ক্ষেত্রে তিনি মাথার ওপর বিএনপির মতো বড় একটি দলের ছায়া বা সমর্থন পাওয়ার চেষ্টা করছেন এবং সেই পথেই এগোচ্ছেন।”
মানবকণ্ঠ/আরআই




Comments