আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে সুযোগ ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবে সাড়া দেওয়ার কিংবা প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার। তবে তার কোনোটিই করেননি বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বেছে নিলেন মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মায়ামিকে।
বুধবার (৭ জুন) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউরোপ ছাড়তে চেয়েছি। এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল। তবে সেটা নিয়ে একদমই ভাবিনি। কারণ, ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতাম।’
তিনি আরও বলেন, ‘অর্থ আমার কাছে কখনোই এতটা গুরুত্বপূর্ণ ছিল না। বার্সেলোনার সঙ্গে এবার আলোচনায় তো চুক্তি নিয়ে কোনো কথাই বলিনি আমরা। তারা আমাকে একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু কখনোই আনুষ্ঠানিক বা লিখিত ও স্বাক্ষর করা কোনো প্রস্তাব দেয়নি। পারিশ্রমিক নিয়ে দরা কষাকষি করিনি আমরা। অর্থ গুরুত্বপূর্ণ হলে তো সৌদি আরব বা অন্য কোথাও যেতাম, যেখানে তারা আমাকে অনেক অর্থ দিতে চেয়েছিল।’
মেজর লিগে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ছাড়াও ক্লাবে মুনাফা ভাগাভাগির সুযোগ থাকবে মেসির। এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেওয়া হবে তাকে।

