হারলেই বিদায়। টানা দুই পরাজয়ে এমনই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কা। টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে ভানিন্দু হাসারঙ্গার দল। দুই দলের লড়াই মাঠে গড়াবে বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৫টায়। উত্থান-পতনের বিশ্বকাপের এই ম্যাচে শ্রীলঙ্কার ওপর চাপ দেখছে নেপাল।
চলমান বিশ্বকাপে সহযোগী দলগুলোর পারফরম্যান্স চোখে লাগার মতো। যুক্তরাষ্ট্র হারিয়েছে পাকিস্তানকে, কানাডা আয়ারল্যান্ডকে। ভয় দেখিয়েও জয় পাওয়া হয়নি পাপুয়া নিউগিনি এবং নেদারল্যান্ডসের। ওয়েস্ট ইন্ডিজের ভীতে কাঁপন ধরিয়েছিল নিউগিনি। প্রোটিয়াদের চাপে ফেলেও জয়বঞ্চিত হয় ডাচরা।
ছোট দলগুলো সাহসী পারফরম্যান্সগুলো আশা দেখাচ্ছে নেপালকে। তাই হিমালয়কন্যার আশাবাদী শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে। নেপাল অধিনায়ক রোহিত পাওড়েল বলেছেন, ‘আপনি যদি এই বিশ্বকাপে দেখেন, আপনি দেখতে পারেন যে সহযোগী দলগুলো টেস্ট খেলা দেশগুলোকে হারাচ্ছে। এটি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা।’
তিনি আরও বলেছেন, ‘পরবর্তী খেলায় আমাদের এগিয়ে থাকা উচিত। আমরা বিশ্বাস করি যে আমরা জিততে যাচ্ছি। গত কয়েক মাস ধরে যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দেড় বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি, আমি মনে করি দলে বিশ্বাস আছে। আমরা আগামীকাল জিততে চাই এবং বিশ্বের সামনে আমাদের প্রতিভা প্রদর্শন করতে চাই।’
মানবকণ্ঠ/আরএইচটি




Comments