২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের
জয় দিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। ওপেনার দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে ফিরলেও তিন নম্বরে নামা শারমিন আক্তার খেলেন দুর্দান্ত ইনিংস। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা মাত্র ২ রানে আউট হলেও শেষদিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তারের ১২ বলে ১৬ রানে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো ছিল। দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। তবে দিশা ধিংরাকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।
এক সময় ১ উইকেটে ৫৭ রান থেকে দ্রুত ৬ উইকেটে ৭৯ রানে নেমে যায় দলটির স্কোর। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে স্পিনার নাহিদা আক্তার ৪ উইকেট নেন, যার মধ্যে ১৮তম ওভারে ছিল ৩টি উইকেট।
বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে উঠবে। সেখানে অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্সের শীর্ষ চার দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে, যা জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩৭/৯
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী
মানবকণ্ঠ/আরআই




Comments