Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া জটিলতা কাটতে শুরু করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও এবার সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। তবে ম্যাচ খেলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ইমরান খাজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সমঝোতার আভাস পাওয়া গেছে।

ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিসিবি তিনটি প্রধান দাবি তোলে—

১. বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

২. টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের প্রাপ্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে।

৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট একক বা যৌথভাবে আয়োজনের অধিকার বাংলাদেশকে দিতে হবে।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি জানান, আইসিসির নিয়ম অনুযায়ী আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। তবে আইসিসির লভ্যাংশ থেকে বাংলাদেশের পূর্ণ প্রাপ্য নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড সভা বা আরবিট্রেশন কমিটিতে বিষয়টি তোলার পরামর্শ দেয় আইসিসি।

বৈঠকে টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিন আগে বয়কটের ঘোষণা দেওয়ায় আইসিসি পিসিবির কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে। ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়। যদিও পিসিবি মনে করছে, আগের দ্বিপক্ষীয় সিরিজ সংক্রান্ত নজির ও আইনি যুক্তিতে তাদের অবস্থান শক্ত।

এখন বৈঠকের বিষয়গুলো নিয়ে পাকিস্তান সরকারে সঙ্গে আলোচনা করবে পিসিবি। সরকারের অনুমোদন পেলেই ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন।

মানবকণ্ঠ/আরআই