Image description

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। জোয়ান লাপোর্তার পদত্যাগের পর শূন্য হওয়া পদে আবারও প্রার্থী হয়েছেন তিনি। তার বিপরীতে লড়ছেন ভিক্টর ফন্ট। ক্লাবটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনকে ঘিরে সাবেক তারকা ফুটবলারদের অবস্থান নিয়েও চলছে আলোচনা। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছেন। তবে লিওনেল মেসি এখন পর্যন্ত কোনো পক্ষেই সমর্থন জানাননি। লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সে কারণে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো ফন্টের পক্ষেই অবস্থান নেবেন আর্জেন্টাইন তারকা।

কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট জানিয়েছে, চলমান নির্বাচনে সরাসরি সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি ভোট দেবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না। একই তথ্য নিশ্চিত করেছে ইয়াহু স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গে বৈঠকও করবেন না এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই বলেছেন, নির্বাচনে জয়ী হলে তার প্রথম ফোনকলটি করবেন মেসিকেই। এছাড়া লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক বর্তমানে কার্যত বিচ্ছিন্ন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতীতে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মিত অংশ নিলেও এবার সম্পূর্ণ নিরপেক্ষ থাকছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। কোনো প্রার্থীর নাম নিয়ে মন্তব্য করতে তিনি অনিচ্ছুক। তার আশঙ্কা, সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময়সূচি এবং ইন্টার মায়ামির হয়ে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কারণেই আপাতত বার্সেলোনার ক্লাব রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হলে অবস্থানও বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই