চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত এখন পাকিস্তানের। দলের এমন লজ্জাজনক হারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে একহাত নিলেন দেশটির সাবেক গতিদানব বোলার শোয়েব আখতার।
হারের দায়ভার তার ওপর চাপিয়ে তাকে ‘অযোগ্য’ ও ‘জাহেল’ (অজ্ঞ) বলে অভিহিত করেছেন তিনি।
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শোয়েব আখতার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘একজন ব্যক্তি যে ক্রিকেট সম্পর্কে কিছুই জানে না, তাকে পিসিবির চেয়ারম্যান বানানো হয়েছে।
তিনি আরও যোগ করেন, ‘গত ১৫-২০ বছর ধরে আমাদের ক্রিকেটে কোনো বিনিয়োগ নেই। আগে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম, কিন্তু এখন তাদের হারানোর স্বপ্ন দেখাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে শোয়েব বলেন, ‘শাহিন আফ্রিদি ১২৫ কিমি গতিতে বল করছে, যা আধুনিক ক্রিকেটে অচল।
আর এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) আপনারা সুপারস্টার বানিয়েছেন যে আপনাদের একটা ম্যাচও জিতিয়ে দিতে পারে না। এই প্রতিভা দিয়ে চাপের মুখে টিকে থাকা সম্ভব নয়।’
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ঈশান কিষানের ৭৭ (৪০ বল) এবং সূর্যকুমার ও শিবম দুবের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে পড়ে পাকিস্তান।
হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেলের বোলিং ঝড়ে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারায় তারা। বাবর আজম (৫) এবং সালমান আলী আঘা (৪) দ্রুত বিদায় নিলে পাকিস্তানের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় মহসিন নকভির দেশ।
ভারতের পক্ষে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এই জয়ের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড এখন ৮-১।




Comments