টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি ১০ম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবারের আসরের অন্যতম হট ফেভারিট সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে চার ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে যায় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান করে শ্রীলংকা।
দলের হয়ে ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এছাড়া ২৫ বলে তিন চার আর দুই ছক্কায় ৪৪ রান করেন প্রভিন রত্নায়েকে।
টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। ৮.৩ ওভার তথা ৫১ বলে ৬৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ২৬ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৪ রান করে ফেরেন ওপেনার মারুমানি।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন রায়ান বার্ল। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে রেখে আউট হন অধিনায়ক সিকান্দার রাজা।
শেষ ওভারে জয়ে জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। লংকান অফ স্পিনার মহেশ থিকসানার করা শেষ ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের নতুন ব্যাটসম্যান টনি মুনিয়াঙ্গা ছক্কা হাঁকিয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন।
জয়ের জন্য শেষ ৫ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল মাত্র ২ রান। দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিয়ে প্রান্ত বদল করেন মুনিয়াঙ্গা। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ওপেনার ব্রায়ান বেনেট। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি শ্রীলংকার এই প্রেমাদাসা স্টেডিয়ামেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাওয়ায় জিম্বাবুয়ে। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রান করে জিম্বাবুয়ে।
টার্গেট তাড়া করতে নেমে ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে বিশ্বকাপের সুপার এইটের রেস থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়। অসি শিবিরে শেষ পেরেকটি মারে শ্রীলংকা। ১৬ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। টার্গেট তাড়ায় পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে ১২ বল হাতে রেখেই জয় পায় শ্রীলংকা।
তারপরও অস্ট্রেলিয়ার সুপার এইটে যাওয়ার কিঞ্চিত আশা ছিল। ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গেলে অস্ট্রেলিয়ার সুপার এইটে যেতে পারতো। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে সুপার এইটে চলে যায় জিম্বাবুয়ে। আজ শ্রীলংকাকে হারিয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে।




Comments