Image description

প্লেয়ার ড্রাফট পদ্ধতি থেকে বেরিয়ে প্রথমবারের মতো নিলামের যুগে প্রবেশ করছে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'। আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, মুস্তাফিজসহ ৯৫০ জনেরও বেশি ক্রিকেটার এই নিলামের জন্য নিজেদের নাম লিখিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন বাঁহাতি এই পেসার। গত নভেম্বরে আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার জল গড়ায় অনেক দূর। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়। এর প্রতিবাদে পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও পরে আইসিসির হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে সেই ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে তারা।

আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজকে লুফে নেয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। নিলামের আগেই ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় তারা।

এবার মুস্তাফিজের চোখ দ্য হান্ড্রেডের দিকে। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাসের মতো তারকারা এই টুর্নামেন্টের ড্রাফটে নাম দিলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি সেখানে খেলার সুযোগ পাননি। মুস্তাফিজকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াবে কি না, তা নিলামের পরই জানা যাবে।

এদিকে, দ্য হান্ড্রেডের নিলামে শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফসহ পঞ্চাশের বেশি পাকিস্তানি ক্রিকেটারও নিবন্ধন করেছেন। তবে তাদের দল পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের ৮টি দলের মধ্যে ৬টির মালিকানাতেই ভারতীয়দের অংশীদারিত্ব থাকায় পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার বিষয়ে আগ্রহ কম থাকতে পারে। উল্লেখ্য, এখন পর্যন্ত টুর্নামেন্টের পাঁচ আসরে মোহাম্মাদ আমির ও মোহাম্মাদ ওয়াসিমসহ মাত্র ৯ জন পাকিস্তানি ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন।

মানবকণ্ঠ/আরআই