আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে এই কমিটি গঠন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল দলটি। নতুন এই কমিটিতে রয়েছেন চারজন নায়েবে আমির, সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা।
নবগঠিত কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন— এ টি এম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল হয়েছেন— মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতের এই নতুন কমিটিতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণকে ইতিবাচক অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং ৫৯ সদস্যের মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য স্থান পেয়েছেন। এর পাশাপাশি মাওলানা এ টি এম মাছুমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
দলের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ঢাকাসহ পুরো দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ২০২৮ সাল পর্যন্ত এই নতুন কমিটি ও দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments