Image description

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর পরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নিরবতা পালন করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। অমর একুশেকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রাত-দিন পরিশ্রম করে শহীদ মিনারের বেদি, সংলগ্ন দেওয়াল ও কালো রাজপথে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের ভাষা ও আল্পনা। পুরো এলাকা এখন বর্ণিল আল্পনা আর ভাষার প্রতি মমত্ববোধে উদ্ভাসিত।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মানবকণ্ঠ/আরআই