শহীদ মিনারে প্রথমবার পুষ্পস্তবক অর্পণ করল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধা ও দোয়া
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় বিরোধীজোটের সংসদ সদস্যরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে জামায়াত আমীর ও তার জোটের শীর্ষ নেতারা শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এ টি এম আজহারসহ জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা। উল্লেখ্য যে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয়ভাবে ফুল দেওয়ার নজির ছিল না; এবারই প্রথম দলটির পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হলো।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
একুশের প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments