চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নলবিলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) এবং তার ১২ বছর বয়সী ছেলে শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুরুল হোসেন তার ছেলে শামীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments