চাঁদাবাজিকে সমঝোতার নামে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটোয়ারী
সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের বিরুদ্ধে চাঁদাবাজিকে ‘সমঝোতার’ নামে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে শ্রমজীবী মানুষদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “রেলখাতে অতীতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেই দুর্নীতি ও চাঁদাবাজিকে নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। ‘সমঝোতা’র কথা বলে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার এই চেষ্টা দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য চরম হুমকিস্বরূপ।”
মন্ত্রী শেখ রবিউল আলমের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “আসন্ন ঈদে বিপুলসংখ্যক মানুষ নাড়ির টানে বাড়ি ফিরবেন। অথচ যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাকেই গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও সংশয় সৃষ্টি করেছে।”
অনুষ্ঠানে তিনি এনসিপির আট দফা ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমাদের প্রথম দাবিই ছিল ওসমান হাদি হত্যার বিচার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, নির্বাচন পরবর্তী সময়েও এই হত্যাকাণ্ডের বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।”
এছাড়া দেশের বিভিন্ন স্থানে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা ছাত্র-জনতাকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments