যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। এশিয়ান অঞ্চল থেকে ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করা ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলতে আসা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন; বরং তারা মাঠে শোচনীয়ভাবে হারবে বলেই তাঁর বিশ্বাস।
ইরান ফুটবল দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, "ইরান যদি (বিশ্বকাপে) খেলতে আসে তাতে আমি মোটেও পরোয়া করি না। তারা খুব বাজেভাবে পরাজিত হবে।"
সূচি অনুযায়ী, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইরানি খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ও বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, বিশ্ববাসী এবং বিশেষ করে আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের অস্থিতিশীল হুমকি মোকাবিলায় ওয়াশিংটন প্রস্তুত।
অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইরানসহ অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড় ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বর্তমান পরিস্থিতিতে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তারা।
এখন পর্যন্ত এই বিষয়ে ফিফা বা ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments