Image description

সরকারের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য সাত প্রতিমন্ত্রীর দায়িত্বও সুনির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মো. শরীফুল আলমকে এখন থেকে শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, যিনি এর আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে এখন থেকে শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে এখন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। একইভাবে মো. রাজিব আহসানকে ওই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে এখন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন এখন থেকে শুধুমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মো. নুরুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ এখন থেকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একই সাথে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার চেয়ে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই