সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ার ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হিসেবে দরবার শরীফের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় দরবার শরীফ এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানকালে শাহীন নূরীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি শর্টগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় খাদেম জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের মেয়ে ইভা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে রবিন শেখ (৩২) নামে এক যুবককে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। রবিনের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
অভিযানকালে শাহীন নূরীর বাসা থেকে দুটি শর্টগান, শর্টগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ড ড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, সাতটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি ডিভিআর সেট এবং শর্টগানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মানবকণ্ঠ/আরআই




Comments