Image description

সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান বা আবর্ত থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না তিনি। ইন্টার মায়ামির চ্যাম্পিয়নশিপ জয় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এই ফুটবল জাদুকর।

মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেওয়া হয়। তবে মেসির ক্ষেত্রে বিষয়টি ছিল বিশেষ কৌতূহলের। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একাধিক আমন্ত্রণ বিনয়ের সঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ২০২৫ সালের জানুয়ারিতে বাইডেনের দেওয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের আমন্ত্রণও সময়সূচির অজুহাতে প্রত্যাখ্যান করেছিলেন মেসি।

হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মেসিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। আমি আজ এমন কিছু বলতে পারছি, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি— হোয়াইট হাউসে আপনাকে স্বাগতম, লিওনেল মেসি।’

রাজনৈতিক আনুষ্ঠানিকতার প্রতি মেসির এই অনাগ্রহ নতুন নয়। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস দলকে প্রেসিডেন্ট ভবনের (কাসারোসাডা) বারান্দা থেকে উদযাপনের আমন্ত্রণ জানালেও মেসি ও তার দল তা গ্রহণ করেনি। এমনকি আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইও এখন পর্যন্ত মেসির সঙ্গে একটি ছবি তোলার সুযোগ পাননি। গত নভেম্বরে মিয়ামিতে এক অনুষ্ঠানে মিলেই মেসির ভূয়সী প্রশংসা করলেও কোনো ছবি না তুলেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন এলএমটেন।

তবে ইন্টার মায়ামির সাফল্য উদ্‌যাপনে ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে মেসি তার সেই দীর্ঘদিনের ‘রাজনৈতিক দূরত্ব’ বজায় রাখার নীতিতে কিছুটা পরিবর্তন আনলেন বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/ডিআর