Image description

ইরানি রেফারি মানহাজের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মিরপুরের বাঘিনীদের আকাশ ছোঁয়া স্বপ্নের অপমৃত্যু ঘটল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে আসা বাংলাদেশের মিশন সোমবার গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। ‘বি’ গ্রুপের বাঁচা-মরার শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ঋতুপর্ণা-মারিয়ারা।

কোয়ার্টার ফাইনাল ও বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু মাঠের লড়াইয়ে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ৬২ ও ৬৬—চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। এরপর ৮৭ মিনিটে চতুর্থ গোলটি হজম করলে বড় হার নিশ্চিত হয়। গোলরক্ষক মিলির কাছ থেকে বল কেড়ে নিয়ে করা উজবেকদের একটি গোল ভিএআর (VAR) প্রযুক্তির মাধ্যমে বাতিল না হলে হারের ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচে বল পজেশনে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। প্রথমার্ধে ঋতুপর্ণার জোরালো শট কোনোমতে রক্ষা করেন উজবেক গোলরক্ষক। এরপর তহুরা খাতুন এবং কোহাতি কিসকু ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোচ পিটার বাটলার শামসুন্নাহার, প্রীতি ও হালিমাকে মাঠে নামালেও খেলার চিত্র বদলায়নি। কোচের ‘হাই লাইন ডিফেন্স’ কৌশলের সুযোগ নিয়ে বারবার বাংলাদেশের রক্ষণভাগ চুরমার করে দিয়েছে উজবেক ফরোয়ার্ডরা।

এই জয়ে ৩ পয়েন্ট ও -২ গোল ব্যবধান নিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে রইল উজবেকিস্তান। অন্যদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫ নম্বর দল মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে ওঠা বাংলাদেশের এশিয়ান কাপ অভিযান শেষ হলো এক বুক হতাশা নিয়ে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের রক্ষণভাগ সাজানোর পরিকল্পনা এখন বড়সড় সমালোচনার মুখে।

প্রথমবার বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা পুঁজি করে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের নারী ফুটবলারদের সামনে।

মানবকণ্ঠ/আরআই