প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঠ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের ১১তম আসরকে সামনে রেখে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) এক রাজকীয় ও ব্যতিক্রমধর্মী ঘোষণার মাধ্যমে শরিফুলকে বরণ করে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
পেশোয়ার জালমি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বিশেষ অ্যানিমেটেড পোস্টার শেয়ার করেছে। সেখানে শরিফুলকে সিংহাসনে বসা অবস্থায় ‘বেঙ্গল টাইগার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। পেশোয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শরিফুলের অন্তর্ভুক্তিতে তাদের ‘ইয়েলো স্টর্ম’ (হলুদ ঝড়) আরও শক্তিশালী হয়েছে এবং এই এক্সপ্রেস পেসার গতির ঝড় তুলতে মুখিয়ে আছেন।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন শরিফুল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার দক্ষতা অসাধারণ। এখন পর্যন্ত ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৫টি উইকেট শিকার করেছেন তিনি, যেখানে গড় মাত্র ২২.২৭। বিপিএলের ইতিহাসেও তিনি অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
পিএসএলের এই আসরে শরিফুল সতীর্থ হিসেবে পাচ্ছেন বিশ্বসেরা ব্যাটার বাবর আজমকে। বাবর আজমের নেতৃত্বেই ২৮ মার্চ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে পেশোয়ার জালমি। সবচেয়ে বড় খবর হলো, একই দলে শরিফুলের সতীর্থ হিসেবে দেখা যাবে বাংলাদেশের আরেক উদীয়মান গতির দানব নাহিদ রানাকে। এছাড়া স্কোয়াডে থাকছেন জেমস ভিন্স, কুশল মেন্ডিস এবং মাইকেল ব্রেসওয়েলের মতো বিশ্বখ্যাত তারকারা।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের এবারের আসরটি নানা কারণে স্পেশাল। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে আটটি দল। পাকিস্তানের ছয়টি ভিন্ন ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দুই পেসার শরিফুল ও নাহিদ রানা একই দলে থাকায় এবার বাংলাদেশি দর্শকদের কাছে পেশোয়ার জালমিকে নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments