Image description

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর এলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে পূর্ববর্তী সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বর্তমান সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, এখন থেকে দেশে আইপিএল প্রদর্শনে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই।

শনিবার (২৮ মার্চ) থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম আসর শুরু হচ্ছে। এই মাহেন্দ্রক্ষণেই সরকারের পক্ষ থেকে এমন ইতিবাচক বার্তা এলো। ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী পরিষ্কার করেন যে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের দেয়া সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা এখন আর নেই।

মন্ত্রী বলেন, "খেলাধুলাকে আমরা রাজনৈতিক চশমায় না দেখে বাণিজ্যিক ও বিনোদনের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে চাই। এখন পর্যন্ত দেশীয় কোনো টিভি চ্যানেল আইপিএল সম্প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেনি। তবে কেউ আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।"

তিনি আরও জানান, দেশীয় চ্যানেলগুলো স্বত্ব না কিনলেও দর্শকরা ভারতীয় চ্যানেল 'স্টার স্পোর্টস'-এর মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। বিদেশি চ্যানেলে আইপিএল সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না।

উল্লেখ্য, এর আগে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল সম্প্রচারে জটিলতা তৈরি হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার পর এবং বিসিসিআই-এর ওপর উগ্রবাদী গোষ্ঠীর চাপের অভিযোগ তুলে তৎকালীন অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচারে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই উত্তেজনার রেশ ধরে বাংলাদেশ দল ভারত সফরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি।

তবে বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিচ্ছে। তথ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, সরকার জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না এবং দর্শকদের খেলা দেখার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মানবকণ্ঠ/আরআই