পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার—পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই বাংলাদেশির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে শরিফুলের দল পেশোয়ার জালমি। অভিষেক ম্যাচেই রিশাদের রাওয়ালপিন্ডিকে (পিন্ডিজ) ৫ উইকেটে হারিয়েছে তার দল।
শনিবার (২৮ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাওয়ালপিন্ডি। নির্ধারিত ২০ ওভারে তারা ২১৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির খান দুর্দান্ত সূচনা এনে দেন।
পেশোয়ার জালমির হয়ে বল হাতে ইনিংস শুরু করেন অভিষিক্ত শরিফুল ইসলাম। প্রথম ৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে বেশ নিয়ন্ত্রিত বোলিং করলেও নিজের শেষ ওভারে কিছুটা খরুচে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই বাঁহাতি পেসার। অন্যদিকে, রাওয়ালপিন্ডির হয়ে রিশাদ হোসেন ৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। অ্যারন হার্ডিকে ফিরিয়ে তিনি ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন।
২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ও হারিসের ৭৮ রানের উদ্বোধনী জুটি পেশোয়ারকে শক্ত ভিত গড়ে দেয়। বাবর ৩৯ এবং হারিস ৪৭ রান করেন। পরবর্তীতে মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার জালমি।
পেশোয়ারের স্কোয়াডে থাকা আরও দুই বাংলাদেশি ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা এই ম্যাচে একাদশে সুযোগ পাননি। পিএসএল অভিষেকে উইকেট না পেলেও দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত শরিফুল, আর রিশাদ উইকেট পেলেও দলের হার এড়াতে পারেননি।
মানবকণ্ঠ/আরআই




Comments