Image description

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহাম্মদ মানিকের একমাত্র গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাপট বজায় রেখে আবারও শিরোপার মঞ্চে পা রাখল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। খেলার ৭ম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পান নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও তিনি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। সতীর্থ রোনান সুলিভান ফাঁকায় থাকলেও ফয়সাল নিজেই শট নেন, যা পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের ১১ মিনিটে মুরশেদ আলীর নেওয়া নিখুঁত কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডি-বক্সের জটলার ভেতর দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ মানিক। তার এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে বাংলাদেশের শক্তিশালী রক্ষণভাগ তাদের সব আক্রমণ নসাৎ করে দেয়। অন্যদিকে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশও। রোনান সুলিভান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও কোনো পক্ষই আর জালের দেখা পায়নি। ফলে মানিকের করা প্রথমার্ধের সেই একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দাপুটে এই জয়ে নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

মানবকণ্ঠ/আরআই