নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জের কোনো নাগরিককে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে জেলায় ৭৫ হাজার হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত।
তিনি বলেন, বিগত সরকারের আমলে সময়মতো হামের বুস্টার ডোজ না দেওয়ায় রোগটি এভাবে ছড়িয়ে পড়েছে। তবে খুব শীঘ্রই সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।
রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি জানান, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিলেন। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হবে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে ফোন করলেই চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি হামকে ভয় না পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় রূপগঞ্জের সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করে এলাকাকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এমপি দিপু।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এসময় এমপি দিপু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলোকে দ্রুত আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




Comments