Image description

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা থামছেই না। ২০ মাসের ব্যবধানে নেতৃত্বে বারবার রদবদল এবং সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ। বিসিবির বর্তমান অবস্থাকে ‘বড় সার্কাস’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাবেক এই হার্ডহিটার ব্যাটার বলেন, “যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কেনেন, তবে আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফতাব আহমেদ সেখানকার ক্রিকেট কাঠামোর উদাহরণ টেনে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আমেরিকায় আজ তিন বছর ধরে আছি। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করি, অথচ এখানকার ক্রিকেট বোর্ড কোথায় বা সদস্য কারা—তা জানি না। কিন্তু বাংলাদেশে আপনি জানতে না চাইলেও মিডিয়ার মাধ্যমে বোর্ড রাজনীতির খবর আপনার কানে পৌঁছে দেওয়া হবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে, সবাই ক্রিকেট বোর্ডের খবর রাখতে বাধ্য হয়।”

উল্লেখ্য, নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবিতে ফারুক আহমেদ এবং পরে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেন। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলের কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে।

এই ধারাবাহিক অস্থিতিশীলতা নিয়ে ৪০ বছর বয়সী আফতাব আহমেদ বলেন, “এই সার্কাস আর কতদিন চলবে জানি না। এখন আর ক্রিকেট নেই, শুধু সার্কাস আছে। এই সার্কাস দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানালাম।”

মানবকণ্ঠ/আরআই