বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে ডট বলের মাধ্যমে ব্যাটারদের ওপর চাপ তৈরিতে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তার কাটার আর স্লোয়ারে নিয়মিত কুপোকাত হচ্ছেন বিশ্বসেরা ব্যাটাররা। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করার পথে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার পেসার। টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম পেসার হিসেবে ৩০০০ বা তার বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩২৪ ইনিংসে বোলিং করে মোস্তাফিজের ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ। এবারের পিএসএলে এখন পর্যন্ত ১০ ওভার বোলিং করে ২১টি ডট বল দিয়েছেন তিনি। এই তালিকায় মোস্তাফিজের উপরে থাকা অন্য চার পেসার হলেন— ডোয়াইন ব্রাভো (৩৬৮১), মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) এবং সোহেল তানভীর (৩০৪৬)।
তালিকায় শীর্ষে থাকা ডোয়াইন ব্রাভো ক্রিকেটকে বিদায় জানালেও মোস্তাফিজের সামনে এখনো পর্যাপ্ত সময় রয়েছে তাকে ছাড়িয়ে যাওয়ার। এছাড়া আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে মোস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা চলছে পাকিস্তানের মোহাম্মদ আমিরের সঙ্গে।
ডট বলের পাশাপাশি বাঁহাতি পেসার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডেও আমিরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন ফিজ। আমিরের ৪১৮ উইকেটের বিপরীতে মোস্তাফিজের শিকার এখন ৪১৬ উইকেট। মাত্র ৩ উইকেট পেলেই তিনি আমিরের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসবেন।
বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ। ২ ওভারে ১৬ রান দিলেও তার ইকোনমি ছিল ৮, যা ম্যাচ পরিস্থিতি অনুযায়ী বেশ নিয়ন্ত্রিত।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ডট বলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার যে মুন্সিয়ানা মোস্তাফিজ দেখাচ্ছেন, তা তাকে নিয়ে গেছে বিশ্বসেরাদের কাতারে। পিএসএলের বাকি ম্যাচগুলোতেও নিজের এই ছন্দ ধরে রাখতে মরিয়া এই কাটার মাস্টার।
মানবকণ্ঠ/ডিআর




Comments