Image description

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এই  ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আলম (৪৪), তিনি ওই গ্রামের মো. আশরাফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) রাস্তা দিয়ে যাওয়ার সময় আলমের চলন্ত ভ্যানটিকে থামার সংকেত দেন। আলম ভ্যানটি সংকেত পাওয়ার সাথে সাথেই না থামিয়ে কিছুটা সামনে গিয়ে থামান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। কথা কাটাকাটির এক পর্যায়ে মজিবর একটি ইট দিয়ে আলমের মাথার পেছনে সজোরে আঘাত করেন। এতে আলম গুরুতর আহত হয়ে ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা অভিযুক্ত মজিবরকে স্থানীয় পাঠক ক্লাবে আটকে রেখে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে উদ্ধারের চেষ্টা করলে জনতার তোপের মুখে পড়ে। উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুজন সদস্য সামান্য আহত হন। তবে পুলিশের বিশেষ দক্ষতায় শেষ পর্যন্ত আসামিকে নিরাপদে থানায় নিয়ে আসা সম্ভব হয়।

মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর