Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রশাসনিক অস্থিরতা ও বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এই প্রক্রিয়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে তিনি নিজেকে এখনও বিসিবির বৈধ সভাপতি হিসেবে দাবি করেছেন। একইসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কড়া সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, “আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তাদের সেই এখতিয়ার নেই। নিয়মতান্ত্রিকভাবে এই বোর্ড এখনো বৈধ।”

বোর্ড ভেঙে দেওয়ার দিনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ওই দিন তিনি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বিসিবি কার্যালয় রাজনৈতিক রূপ নিয়েছে। তিনি বলেন, “হঠাৎ করে মনে হলো আমাদের অফিসটা রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা-যাওয়া শুরু করল। একপর্যায়ে পাইলট আমাকে বলল, ‘ভাই চলেন চলে যাই’। আমরা মানসম্মান রক্ষার্থে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে বের হয়ে আসি।”

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বোর্ড বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বুলবুল বলেন, “এনএসসির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। তারা বড়জোর সুপারিশ করতে পারত, কিন্তু বোর্ড ভেঙে দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না।”

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন অ্যাডহক কমিটির স্বচ্ছতা ও তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই অধিনায়ক। তিনি দাবি করেন, কিসের ভিত্তিতে তদন্ত হলো এবং রিপোর্টে কী ছিল, তা সাধারণ মানুষের কাছে অস্পষ্ট।

সবশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্দেশে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলেন, “আপনাকে একটা কথা বলব, আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।”

বিসিবির এই শীর্ষ পদের দাবি এবং বর্তমান কমিটির বৈধতা নিয়ে বুলবুলের এমন বিস্ফোরক মন্তব্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই