২০২৮ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন, দল পরিচালনায় পাচ্ছে পূর্ণ স্বাধীনতা
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছেন, দল পরিচালনায় তিনি এখন পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের আন্তরিক সহযোগিতায় নিজের পরিকল্পনা অনুযায়ী দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
পরিসংখ্যান বলছে, লিটনের নেতৃত্বে বাংলাদেশ এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জয় ও ১৩টিতে পরাজয় বরণ করেছে। জয়-পরাজয়ের গড়ে তিনিই এখন পর্যন্ত দেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক। এই ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের গুরুদায়িত্ব অর্পণ করেছে।
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, "আমি দল পরিচালনায় অনেক স্বাধীনতা পাচ্ছি। নিজের পরিকল্পনা অনুযায়ী দল সাজানোর সুযোগ পাচ্ছি। নির্বাচক ও কোচিং স্টাফদের সঙ্গে চমৎকার সমন্বয় রয়েছে এবং আমরা সবাই মিলেই ভবিষ্যতের পরিকল্পনা করছি।"
বোর্ডের আস্থার প্রতিদান দিতে লিটন বদ্ধপরিকর। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে না পারার আক্ষেপ কাটিয়ে এখন সবার লক্ষ্য ২০২৮ বিশ্বকাপের দিকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চান লিটন। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং দেশের হয়ে সেরাটা দেওয়ার মানসিকতা নিয়ে দলের সবাই উজ্জীবিত।
মানবকণ্ঠ/আরআই




Comments