Image description

নিউজিল্যান্ডের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত এক রেকর্ড গড়ল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড।

১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আশানুরূপ ছিল না বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মন্থর ব্যাটিংয়ে কিছুটা চাপ তৈরি করেন। সাইফ ১৬ বলে ১৭ এবং তানজিদ ২৫ বলে ২০ রান করে বিদায় নেন। অধিনায়ক লিটন দাসও ২১ রানের বেশি করতে পারেননি। ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ব্যাকফুটে, তখনই হাল ধরেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিং ও সফল জুটিতেই কঠিন ম্যাচটি সহজ হয়ে ওঠে এবং বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ব্যাটার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনেই সমান ৫১ রান করে আউট হন। শেষ দিকে অধিনায়ক নিক কেলির ৩৯ এবং জশ ক্লার্কসনের ৩০ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ও তানজিম সাকিব একটি করে উইকেট পান।

এই জয়ের মাধ্যমে ফিল সিমন্সের শিষ্যরা কিউইদের বিপক্ষে আগের সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস লিখলেন। উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি এখনো শ্রীলঙ্কার বিপক্ষে (২১৫ রান, ২০১৮)।

মানবকণ্ঠ/আরআই