Image description

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া। তাদের প্রত্যেককে একইসাথে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে কৃষক আশ্রাব আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। এই ঘটনার পরদিন নিহতের ছেলে জুলহাস বাদী হয়ে ৬ জনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও তদন্ত শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক বিশ্লেষণ করে আদালত সোমবার এই চূড়ান্ত রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান।

রায়ের পর নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মানবকণ্ঠ/ডিআর