চট্টগ্রামে শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হলো। এখন শেষ ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা নিজেদের করে নেবে টাইগাররা।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই বন্দরনগরীতে বৃষ্টি চলায় নির্ধারিত সময় দেড়টায় টস করা সম্ভব হয়নি। বিকেল সোয়া চারটা পর্যন্ত অপেক্ষা করার পর মাঠ খেলার অনুপযুক্ত থাকায় আম্পায়াররা ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও সেই ধারা অব্যাহত থাকায় ম্যাচটি নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী ১ মে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments