Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার (২ মে) দুপুরে শুরু হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে রয়েছে লিটন দাসের দল।

সবশেষ খবর অনুযায়ী, ৫.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। দলের পক্ষে ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান এবং তানজিদ হাসান ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন গোল্ডেন ডাক (০) মেরে আউট হন। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক লিটন দাস (১৮*) ও তাওহিদ হৃদয় (১*)। কিউই বোলার নাথান স্মিথ ২ ওভারে ১৪ রান দিয়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।

এর আগে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। চলতি সিরিজে এই প্রথম আগে ব্যাটিং করার চ্যালেঞ্জ নেয় বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পিঠের চোটের কারণে ছিটকে যাওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। রিপন মন্ডল একাদশে জায়গা ধরে রাখলেও অভিষেক হচ্ছে না আব্দুল গাফফার সাকলাইনের।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলে বা বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজ ঘরে তুলবে লিটন দাসের দল। তবে কিউইরা জিতলে সিরিজে সমতা ফিরবে।

মানবকণ্ঠ/ডিআর