Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ধকল কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের এবার লড়তে হবে সাদা পোশাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ রোববার ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

ভোর প্রায় ৫টার দিকে শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটারদের সরাসরি টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় প্রথম দফায় দলের সব সদস্য আসতে পারেননি। সাবেক অধিনায়ক বাবর আজমসহ বাকি ক্রিকেটাররা পিএসএল শেষ করে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

আসন্ন এই সিরিজের জন্য পাকিস্তান ১৬ সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। দলে অভিজ্ঞদের পাশাপাশি আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরির মতো চারজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। এই সিরিজ থেকে ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে উমর গুল দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

মানবকণ্ঠ/আরআই