ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের নতুন মৌসুমে জয় দিয়ে শুভসূচনা করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আসরের উদ্বোধনী ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ২৬ রানে হারিয়ে মাঠ ছেড়েছে তারা। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ২ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বসুন্ধরা স্ট্রাইকার্স। দলের পক্ষে অনবদ্য ব্যাটিং করেন ওপেনার সাইফ হাসান। ১২৬ বলে ৯৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও ম্যাচসেরার পুরস্কার জেতেন এই টপ অর্ডার ব্যাটার। এছাড়া ফজলে রাব্বি খেলেন ৭২ রানের কার্যকর ইনিংস। সাইফ ও ফজলে রাব্বির ১৩৩ রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় বসুন্ধরা।
২৮১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় গুলশান ক্রিকেট ক্লাব। শাহরিয়ার সাকিব ৪৭ ও জুবায়ের হোসেনের ৭৩ রানের লড়াকু ইনিংস হারের ব্যবধানই শুধু কমিয়েছে। শেষ পর্যন্ত ২৫৪ রানে অলআউট হয় গুলশান। বসুন্ধরার পক্ষে রুয়েল মিয়া ও নাহিদুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন।
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে এক প্রকার ছেলেখেলা করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদের তোপের মুখে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। স্পিনার মোহাম্মদ রুবেল মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ধস নামান। এছাড়া লিওন ও আরিদুল ইসলাম আকাশ দুটি করে উইকেট নেন।
মাত্র ৮৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। মাত্র ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ রুবেল।
মানবকণ্ঠ/আরআই




Comments